রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৫, ২০২৬, ০৬:১৯ পিএম

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সারজিস আলম বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এ বছরের মধ্যে স্থানীয় নির্বাচন দেওয়া সম্ভব নয়। এমনকি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও একই ধরনের কথা বলেছেন। তাদের বক্তব্য বিশ্লেষণ করলে মনে হচ্ছে তারা নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নিতে চায়।

এনসিপির এই নেতা উল্লেখ করেন, বর্তমানে উপজেলা পর্যায়ে কোনো নির্বাচিত চেয়ারম্যান নেই। তারা জেলা পরিষদ বিলুপ্ত করার চিন্তাভাবনা করছে বলে শোনা যাচ্ছে। জনগণের অধিকার কুক্ষিগত করে অপশাসন কায়েমের চেষ্টা করলে তা হিতে বিপরীত হবে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে সারজিস আলম অভিযোগ করেন, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন প্রশাসনে ইতিমধ্যে পরাজিত ও অযোগ্য নেতাকর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে লুটপাট ও চাঁদাবাজির খাতে পরিণত করার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।জাতীয় নির্বাচনের আগের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, নির্বাচনের আগে তারা বলেছিল দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। এখন তারা সরকার গঠন করার পর কেন মানুষের সেবার প্রয়োজন দেখছে না, সেই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। স্থানীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা গ্রহণযোগ্য হবে না বলে তিনি জানান।

সারজিস আলম চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পৌর নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান। এই সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা না আসলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজপথে নামলে তখন বলা হয় সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমাদের যেন রাজপথে নামতে না হয়, সেই সিদ্ধান্ত কর্তৃপক্ষকেই নিতে হবে। নির্বাচন কমিশন ও স্থানীয় সরকারকে সেই অনুযায়ী দ্রুত প্রস্তুতি নেওয়ার দাবি জানান তিনি। সংবাদ শেষ।