মে ৬, ২০২৬, ১২:২৭ এএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, আগামীর রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে। ২০১৩ সালে যারা শাহাদাত বরণ করেছেন, তারা এই বাংলার সূর্য সন্তান। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে।ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে সত্য অনুসন্ধান ও তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর শাহবাগ জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। প্রদর্শনী ঘুরে দেখার পর তিনি বলেন, শাপলার ঘটনাকে ঘিরে যে আলোচনা ও গবেষণা হচ্ছে তা সত্য উদঘাটনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
আমরা চাই সত্য সামনে আসুক এবং বিচার প্রতিষ্ঠিত হোক। তিনি এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মঞ্জুর আহমেদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদ ও আবুল হাসনাত জালালী এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও নাগরিকরা।
প্রদর্শনীতে বিভিন্ন আলোকচিত্র, তথ্যচিত্র, ডকুমেন্টেড উপস্থাপনা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার মাধ্যমে ৫ মের ঘটনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। দর্শনার্থীদের মাঝে এটি ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো ইতিহাসের আলোচনাকে গবেষণাভিত্তিক ও প্রমাণনির্ভর করা। পাশাপাশি নতুন প্রজন্মকে আরও সচেতন ও চিন্তাশীল করে তোলা। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার আশা প্রকাশ করেছেন তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন