রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৯, ২০২৬, ১১:৩০ পিএম

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’

টাঙ্গাইলে বক্তব্য রাখছেন সারোয়ার তুষার

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার জানিয়েছেন, গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে এবং এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। সরকার চাইলেও এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৯ মে) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অতীতেও আন্দোলন হয়েছে। বিএনপির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আবার আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার পর প্রায় এক দশক ধরে আন্দোলন হয়েছে। বর্তমান সরকার যদি মনে করে এই রায় বাস্তবায়ন না করে পার পেয়ে যাবে, তাহলে বিষয়টি মোটেও সেরকম নয়।

এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন, তাঁরা এখনই রাজপথে যেতে চাচ্ছেন না। বর্তমানে সভা-সেমিনারের মাধ্যমে সংগঠনকে প্রস্তুত করা হচ্ছে এবং মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণও এই রায় আদায়ের পক্ষে মত দিচ্ছে। ধাপে ধাপে আন্দোলনের মাত্রা বৃদ্ধি করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার যদি সহজেই রায় মেনে নেয় তাহলে ভালো। 

আর যদি না নেয়, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের বাধ্য করা হবে জনগণের রায় মেনে নিতে।টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. কামরুজ্জামান শাওনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।