মে ১২, ২০২৬, ১১:০২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচনি পরিচালনা কমিটির সভাপতি সারজিস আলম বলেছেন, "আমরা ভারত বিদ্বেষী নই, তবে আগামীতে পৃথিবীর কোনো দেশ যদি বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখ দিয়ে তাকায় এবং শোষণের মানসিকতা নিয়ে বন্ধুত্ব করতে চায়, তাদের সাথে কোনোদিন বন্ধুত্ব সম্ভব না।"
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এনসিপি সমর্থিত সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স’ আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
সারজিস আলম ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, "আমরা স্পষ্ট করে বলতে চাই, শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে আমরা কোনো রাষ্ট্রবিরোধী নই। কিন্তু তারা যদি মনে করে যে ক্ষমতার সাথে বা সরকারের সাথে বন্ধুত্ব করবে, তবে সেটি ভুল। বন্ধুত্ব করতে হলে রাষ্ট্রের সাথে, জনগণের সাথে করতে হবে।"
কোনো সরকার যদি দেশের জনগণকে উপেক্ষা করে তাঁবেদারি রাষ্ট্রে পরিণত হতে চায়, তবে আগামীর বাংলাদেশে সেই সরকার ক্ষমতায় টিকতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।সীমান্ত ইস্যু এবং এ বিষয়ে সরকারের অবস্থান নিয়েও তীব্র সমালোচনা করেন এনসিপি নেতা। তিনি বলেন, "সীমান্ত নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে `একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি`—তখন এটি আমাদের জন্য চরম লজ্জার বিষয়। কারণ একটি রাজ্যের প্রধান কোনোভাবেই রাষ্ট্রের বাইরের কেউ নন।"
ভারতে চলমান সাম্প্রদায়িক রাজনীতির সমালোচনা করে সারজিস বলেন, সেখানে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে জ্বালাও-পোড়াও এবং খুন-নির্যাতনকে বৈধতা দেওয়া হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশ নিজেদের মতামত দেওয়ার সাহস দেখাতে পারছে না। বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে এড়িয়ে যাওয়ার মানসিকতারও তিনি সমালোচনা করেন।
অনুষ্ঠানের শেষাংশে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ আহ্বান জানান সারজিস আলম। বিগত সরকারের আমলের উদাহরণ টেনে তিনি বলেন, সিভিল সার্ভিস, পুলিশ বা আর্মিতে যারা আছেন, তাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। কোনো দলীয় প্রধান বা প্রধানমন্ত্রীর কাছে নিজেকে সঁপে দিয়ে নতজানু হওয়া প্রশাসনের জন্য চরম লজ্জাজনক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন