এম এ এস আসাদ
মে ১৩, ২০২৬, ০৯:২০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শিশু মৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর ফার্মগেটে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই অভিযোগ তোলা হয়।
তেজগাঁও জোন এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আনন্দ সিনেমা হলের সামনে ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, দেশে বর্তমানে শিশু মৃত্যুর হার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই পরিস্থিতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
আরিফুল ইসলাম আদিব আরও বলেন, সারাদেশে খুন, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি গাজীপুরে পাঁচজনকে হত্যার ঘটনা এবং রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের বিস্তার জনগণের মনে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে সীমান্ত হত্যা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
নেতারা অবিলম্বে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে জোরালো কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানান। এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর তার বক্তব্যে বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যু রোধে দ্রুত কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেতা মাহিন তালুকদার, মোঃ ওহিদুজ্জামান সুমন এবং গুম প্রতিরোধ কমিশনের প্রতিনিধি মোহাম্মদ কাইয়ুমসহ অনেকে উপস্থিত ছিলেন।
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আমিন খানের সঞ্চালনায় মানববন্ধন থেকে বক্তারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, টিকাদান ব্যবস্থা আধুনিকায়ন এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।