রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ১২:১১ পিএম

গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি ইস্যুকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নগরীর জিইসি মোড় থেকে শুরু করে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। 

সোমবার (১৮ মে) সকালের দিকে জারি করা একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষকে এই নিষেধাজ্ঞার তথ্যটি নিশ্চিত করা হয়েছে।চলতি মে মাসের ১৮ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত বিশেষ ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জননিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নিষেধাজ্ঞা চলাকালীন উল্লেখিত সীমানার মধ্যে কোনো ধরনের জনসমাবেশ, রাজনৈতিক মিছিল কিংবা মিটিং আয়োজন করা নিষিদ্ধ থাকবে। যদি কেউ এই আইন অমান্য করে সমাবেশ বা মিছিল করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।