বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিশু ধর্ষণ রোধে শক্তিশালী সামাজিক আন্দোলনের ডাক মির্জা ফখরুলের

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ১০:০৭ পিএম

শিশু ধর্ষণ রোধে শক্তিশালী সামাজিক আন্দোলনের ডাক মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ধরনের পাশবিক অপরাধের বিরুদ্ধে কেবল আইনি পদক্ষেপ নয়, বরং একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 

তিনি এই ধরনের হত্যাকাণ্ডকে নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের পতনের এক ভয়াবহ প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।তিনি স্পষ্ট করে বলেন, কেবল আইন বা সরকারি উদ্যোগ দিয়ে এই অমানবিক অপরাধ নির্মূল করা সম্ভব নয়।

মির্জা ফখরুল বলেন, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়, বরং দীর্ঘদিনের সামাজিক দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। এই সংকট মোকাবিলায় তিনি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, গণমাধ্যম এবং প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 

তরুণ প্রজন্মের মাঝে সম্মান, মানবিকতা ও দায়িত্ববোধের শিক্ষাদানের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎকে নিরাপদ করা।একটি নিরাপদ ও ভয়হীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।সবশেষে তিনি এই পরিবর্তনের সংগ্রামে দেশের মানুষকে সম্মিলিতভাবে শামিল হওয়ার আহ্বান জানান। 

মির্জা ফখরুলের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে নাগরিক সমাজ কেবল শাস্তির দাবির পাশাপাশি অপরাধের মূল কারণ দূরীকরণে দীর্ঘমেয়াদী সামাজিক প্রচেষ্টার প্রয়োজনীয়তাকে সমর্থন করছে। জাতীয় পর্যায়ের নীতিনির্ধারকদের এই ধরণের বার্তা সাধারণ মানুষের মধ্যে অপরাধ দমনে সচেতনতার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে আশা করা হচ্ছে।