সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী ব্যাংক ও ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৬:১২ পিএম

ইসলামী ব্যাংক ও ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ইসলামী ব্যাংক ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ছায়া বাজেট প্রস্তাব করার সময় তিনি এ মন্তব্য করেন। বিগত ১৭ বছর ধরে ব্যাংকিং খাত একটি নির্দিষ্ট পরিবারের নিয়ন্ত্রণে থাকায় লুটপাট হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে সরকার সমালোচনার মুখে পড়েছে।হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করছে। 

তিনি জানান, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি ছিল ১৯৩ বিলিয়ন টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বরে ১ হাজার ৯১৪ বিলিয়ন টাকায় পৌঁছেছে। মাত্র দুই বছরে এই ঘাটতি ৯ দশমিক ৯ গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থনীতির এই পরিস্থিতির জন্য তিনি বর্তমান সরকারের অর্থনৈতিক সংস্কার থেকে সরে আসাকে দায়ী করেছেন।কর ও মোট দেশজ উৎপাদনের অনুপাত ৬ দশমিক ৭ শতাংশ যা অত্যন্ত হতাশাজনক।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর তুলনায় বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের অনুপাত অনেক নিচে। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সর্বশেষ ২০১৫ সালে পুনর্বিবেচনা করা হয়েছিল, যা এখনো অপরিবর্তিত। ছায়া বাজেটে তিনি স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়েও প্রশ্ন তুলেছেন।

হাসনাত আব্দুল্লাহর মতে, এক কোটি ৪০ লাখ মানুষকে এই কার্ড দিতে প্রতি বছর ১ লাখ ২০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এই বিপুল অর্থের উৎস সরকার এখনো স্পষ্ট করেনি। অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে অর্থ কেটে নেওয়া হবে কি না, তা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন।