জুন ৭, ২০২৬, ০৫:৫৩ পিএম
স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানবিক কর্মসূচি পালন করা হয়।চলমান তীব্র গরমে শিক্ষকদের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা মহানগরীর পল্টন এলাকায় সাধারণ মানুষের মাঝেও একইভাবে পানি ও স্যালাইন বিতরণ করেছে সংগঠনটি। শিক্ষকের হাতে পানি তুলে দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা মহানগর পূর্ব শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম ও পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব আহমাদ নজিরীসহ অন্যান্যরা।
ছাত্র জমিয়ত নেতাদের ভাষ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নন-এমপিও শিক্ষকরা দীর্ঘ সময় ধরে এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন। তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং মানবিক দায়িত্ববোধ থেকেই এই সহায়তামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ দিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। স্বীকৃতির পরেও সরকারি সুবিধা না পাওয়ায় তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই গরমে আন্দোলনরত অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন