রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৭:১৬ পিএম

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

চলমান অর্থবছরের সময়সীমা জুলাই-জুন পরিবর্তন করে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন অর্থবছর নির্ধারণের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের ‘জনমুখী বাজেট প্রস্তাবনা ২০২৬-২৭’ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই-জুন অর্থবছর হওয়ার কারণে বছরের শেষ দুই মাসে বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের কবলে এডিপির বিশাল অংশ তাড়াহুড়ো করে ব্যয় করতে হয়। এটি উন্নয়নের চেয়ে ‘গণলুটপাটের’ সুযোগই বেশি করে দেয়। ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে অর্থবছর মিলে গেলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও সুষ্ঠু ও স্বচ্ছ হবে।”

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী সম্পূরক বাজেট তিন মাস আগেই সংসদে আসার কথা থাকলেও শেষ সময়ে তা আনা হয়, যা সংসদীয় পর্যালোচনার কার্যকারিতা কমিয়ে দেয়। এ বিষয়ে সংসদে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে আগামী অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হয়।রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে রায় দিলেও সরকার গণভোটের ফলাফলকে উপেক্ষা করছে, যা নজিরবিহীন। তিনি আশা প্রকাশ করেন, সরকার দলমতের ঊর্ধ্বে উঠে গঠনমূলক আলোচনা এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবে।

অনুষ্ঠানে এনসিপি, এবি পার্টি, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতার এই সংস্কার প্রস্তাবনাকে অর্থনীতিবিদরা একটি সময়োপযোগী দাবি হিসেবে দেখছেন। বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনিক কাঠামোতে এমন পরিবর্তনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে।