সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গুমে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৪:১৩ পিএম

গুমে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: মির্জা ফখরুল

সামনের দিনগুলোতে গুমের মতো ঘটনার সঙ্গে আর কেউ জড়াতে পারবেন না এবং এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হুশিয়ারি দেন।

গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের শিকার পরিবারগুলো দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে স্বজন হারানোর তীব্র বেদনা বয়ে বেড়াচ্ছেন। এই অপরাধের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। 

তিনি দৃঢ় আশা প্রকাশ করে জানান, দ্রুত এই বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে এবং এর জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। একই সাথে মুক্তিযোদ্ধা ও জুলাই বিপ্লবের যোদ্ধাদের মতো গুম হওয়া পরিবারগুলোর জন্যও চলতি বাজেটেই ভাতার ব্যবস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেফতার হওয়ার প্রসঙ্গ টেনে স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন যে, অপরাধ করে কেউ পার পাবে না এবং একে একে প্রত্যেক অপরাধী ধরা পড়বে ও বিচারের মুখোমুখি হবে। 

সভায় ডেপুটি স্পিকার কায়সার কামাল জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার পাশাপাশি ট্রাইব্যুনালের সংখ্যা ও বাজেট বাড়ানোর দাবি জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিহ্ প্রসিকিউটর আমিনুল ইসলাম সভায় জানান, ইতিমধ্যে ৪২টি পরিবারের গুমের ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ড ও গুম সংক্রান্ত প্রায় ৮০টি মামলার তদন্ত শেষের দিকে রয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।