জুলাই ৫, ২০২৬, ১০:২৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি আপাতত গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে না। দলীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু কৌশলগত ও সময়গত বিষয় বিবেচনায় গোপালগঞ্জ জেলাটি বাদ দিয়ে দেশের বাকি ৬৩টি জেলায় এই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। তবে আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গোপালগঞ্জে দলের স্থানীয় নেতা-কর্মীরা পৃথকভাবে দোয়া ও মোনাজাতের আয়োজন করবেন।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম প্রথমে ৬৪ জেলাতেই পদযাত্রা পালনের ঘোষণা দিয়েছিলেন। লিখিত বক্তব্যে তিনি জানান, হাজারো শহীদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেরণা থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রা আয়োজন করা হচ্ছে।
তবে এক ঘণ্টা পার না হতেই সংশোধিত তালিকা প্রকাশ করে দলটি। কর্মসূচির বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচিতে শীর্ষ নেতারা ব্যস্ত থাকবেন। মূলত সময়ের সমন্বয় করতেই গোপালগঞ্জের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
গোপালগঞ্জে নিরাপত্তার কোনো শঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, নিরাপত্তার কোনো বিষয় নেই। দলীয় সূত্রে জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার সময় গোপালগঞ্জে বড় কর্মসূচির পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে বাকি জেলাগুলোতেও শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন