রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না: সারজিস আলম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১১:১৩ পিএম

নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না: সারজিস আলম

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বুধবার (৮ জুলাই) টাঙ্গাইলের কালিহাতিতে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেওয়া হবে না।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে একটি রোগ ছিল যে সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ আর হতে দেব না। সংসদে এমপি-মন্ত্রীরা মাঝে মাঝে বিদ্যুৎ যাওয়ার বিষয়ে যে মন্তব্য করেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়। লোক দেখানো কথা না বলে ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকটি দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। আপনারা বিবেকবোধ বিসর্জন দেবেন না। কাজের মাধ্যমে হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনুন। সীমান্তে হত্যা বা পুশইন হলে এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সরকার বা সংশ্লিষ্টদের অবস্থান যাই হোক, সীমান্ত হত্যা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।সভায় এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তুষার সরেয়ার, ডা. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।