বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না — হাসনাত আব্দুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৮:৩১ পিএম

নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না — হাসনাত আব্দুল্লাহ

ছবি - সংগৃহীত

নতুন বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদের স্থান হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে অনুষ্ঠিত এক জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

সাধারণ মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, তরুণ ছাত্র-জনতা রাজপথে রক্ত ঝরিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়েছে এবং একটি বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা কাজ করে যাচ্ছে। 

কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ যাতে সমাজে তাদের কাঙ্ক্ষিত নাগরিক অধিকার ভোগ করতে পারেন, সে লক্ষ্যেই রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তরুণদের নেতৃত্বে পরিচালিত এই রাজনৈতিক ধারায় ভুলত্রুটি হলে তা শুধরে দেওয়ার আহ্বান জানান এবং সংসদে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব তুলে ধরার প্রতিশ্রুতির কথা জানান।

পথসভায় তিনি দলীয় নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে জনসমর্থন কামনা করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা অন্যান্য সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারাও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পথসভা শেষে একটি বিশাল জুলাই পদযাত্রা বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।