জুলাই ২২, ২০২৬, ১২:০৩ এএম
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে আয়োজিত এক বিশাল জুলাই জনসভা ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তার দল কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, বর্তমানে সংসদে এনসিপির মাত্র ছয়জন সদস্য জনগণের প্রতিনিধিত্ব করছেন, তবে আগামী দিনে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে একশ ষাট আসনে উন্নীত হবে ইনশাআল্লাহ।
জুলাই অভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোটের ভিত্তিতে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করার দাবি জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জুনায়েদ আহমেদ রাফি, জাহিদ আহসান, ফরিদুল হক, মোর্শেদ আনোয়ার সোহেল ও লাবিব আহমদসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বেকারত্ব দূরীকরণে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাট উপজেলায় দলীয় প্রার্থী হিসেবে লাবিব আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পথসভা শেষে একটি জুলাই পদযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন