রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৮:০১ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।এই পদত্যাগ গণঅভ্যুত্থানের অন্যতম একটি প্রধান দাবি ছিল।শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। 

এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন জানান জামায়াত আমির। পাশাপাশি তাকে নিরপেক্ষ, সৎ ও সংবিধানসম্মতভাবে নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি দলীয় পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি একসময় স্পষ্টভাবে স্বীকার করেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই বক্তব্য অস্বীকার করে তিনি মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতির পবিত্র শপথের সরাসরি লঙ্ঘন। 

তিনি আরও অভিযোগ করেন যে বিগত দুই হাজার চব্বিশ সালের সংঘটিত হত্যাকাণ্ডে তিনি নীরব সহযোগীর ভূমিকা পালন করেছিলেন। আগামী দিনে কোনো তোষামোদকারী নয়, বরং একজন যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার কথা জানান তিনি।বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই পরিবর্তন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন একটি অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন দলটির শীর্ষ নেতারা।