রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ১২:২৭ এএম

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

ছবি - সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলাকালে ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।শনিবার দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ এবং পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদিকুজ্জামান রাকিবের মধ্যে এই বিরোধ বাধে। 

এর আগে বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। অভিযোগ রয়েছে, ওই সময় পরীক্ষা চলাকালে হলের ভেতরে কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখে উত্তর লিখছিলেন। এই দৃশ্য বাইরে থেকে ভিডিও ধারণ করেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ। পরীক্ষা শেষ হওয়ার পর এই ভিডিও ধারণ করাকে কেন্দ্র করেই দুই ছাত্র নেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতি ও কিলঘুষিতে রূপ নেয়।

ঘটনার বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ দাবি করেন যে তিনি পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফেরার পথে হলের বাইরে থেকে অনিয়মের দৃশ্য ভিডিও করেছিলেন, যা দেখে ক্ষিপ্ত হয়ে সাদিকুজ্জামান রাকিব তার ওপর হামলা চালান। অন্যদিকে সাদিকুজ্জামান রাকিব অভিযোগ অস্বীকার করে জানান, পরীক্ষার দৃশ্য এভাবে ভিডিও করায় পরীক্ষার্থীদের অসুবিধা সৃষ্টি হয়েছে এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। 

এই বিষয়ে কথা বলতে গেলে তাদের মধ্যে কেবল কথাকাটাকাটি হয় এবং মারামারির অভিযোগটি সত্য নয় বলে দাবি করেন তিনি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে তর্কাতর্কির খবর তারা শুনেছেন।তবে এই ঘটনায় থানায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখনো দায়ের করা হয়নি।