রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইলিয়াস আলীর চেতনা ধারণ করছে না সরকার:নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ১১:২৫ এএম

ইলিয়াস আলীর চেতনা ধারণ করছে না সরকার:নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

বর্তমান সরকার যদি সত্যিকার অর্থে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর চেতনা এবং গুমের শিকার পরিবারগুলোর আকাঙ্ক্ষাকে ধারণ করত, তাহলে গুমবিরোধী অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নিত না। জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই মন্তব্য করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে আয়োজিত পদযাত্রা-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গুমের বিচার ও সত্য উদ্ঘাটন জনগণের প্রধান দাবি।

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে জানান, এই জনপদ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল গনি ওসমানী এবং ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের নেতা এম ইলিয়াস আলীর এলাকা। টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময় তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই গুমের শিকার হয়েছিলেন। ২৪-এর গণ-অভ্যুত্থানের যোদ্ধারা এবং জাতীয় নাগরিক পার্টি সেই চেতনাকে ধারণ করেই এগিয়ে চলছে।

কিন্তু বর্তমান সরকার ইলিয়াস আলীর আদর্শ ধারণ করতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কুড়িগ্রাম, গোলাপগঞ্জ ও হবিগঞ্জে দলের নেতাকর্মী এবং গাড়িবহরে হামলার প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন যে রাজনৈতিক শক্তিকে দমন-পীড়ন করা হলে তার পরিণতি শুভ হবে না। হামলায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের জোরালো দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্থানীয় বিভিন্ন অনিয়ম ও সহিংসতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, যেখানেই কর্মসূচি পালন করা হচ্ছে, সেখানেই হামলা ও বাধা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। মুষলধারে বৃষ্টি ও হামলার শঙ্কা উপেক্ষা করে মধ্যরাতেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে আদর্শের আন্দোলন দমানো যায় না।

এছাড়াও সভায় ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।সভার শেষ পর্যায়ে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোশাহিদ আলীকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থনের ঘোষণা দেওয়া হয়। ওসমানীনগরের এই পথসভায় হাজারো সাধারণ মানুষ অংশ নেন।