শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, সবার অবদান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৭:০৬ পিএম

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, সবার অবদান

ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি বলেছেন, এটি দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত অবদানের ফসল। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।

একক কৃতিত্ব দাবি করে অন্যদের খাটো করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে “বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আলোচনা সভার পাশাপাশি সেখানে একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্র-জনতার আন্দোলনের নানা দৃশ্য তুলে ধরা হয়।

আতিকুর রহমান রুমন তার বক্তব্যে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ কারাবাস ও নির্যাতন সহ্য করেছেন। একইভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও অমানবিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়েছেন। কিন্তু তারা কখনো নিজেদের ব্যক্তিগত ত্যাগকে সামনে এনে একক কৃতিত্ব দাবি করেননি। যারা আজ এই কৃতিত্ব একা নিতে চান, তাদের জনগণ একদিন প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি।আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করার জন্য সাংবাদিকদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।