মুজিবুল আলম
আগস্ট ৯, ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক জরিপের ফলাফল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই-এর প্রতিনিধি দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৈঠকে সংস্থাটির সাম্প্রতিক দেশব্যাপী জরিপের বিভিন্ন দিক এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করার কৌশল নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।নির্বাচন পরবর্তী পরিস্থিতির জরিপ ফলাফল তুলে ধরতে আইআরআই-এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ-এর জ্যেষ্ঠ পরিচালক সোনজা গ্লোয়েকলে বাংলাদেশ সফরে এসেছেন। তার এই সফরের অংশ হিসেবেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক ব্রিফিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববারের এই বৈঠকে সংস্থাটির বাংলাদেশের আবাসিক কর্মসূচি পরিচালক জন ফ্লুহারথিও উপস্থিত ছিলেন। এছাড়া কারিগরি উপদেষ্টা অমিতাভ ঘোষ এবং রুকসানা হক প্রতিনিধি দলের সদস্য হিসেবে আলোচনায় অংশ নেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মুনির এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
আলোচনা চলাকালে অতীত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন অবাধ করার লক্ষ্যে জামায়াতের পক্ষ থেকে সুনির্দিষ্ট বেশ কিছু পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়। আইআরআই-এর জরিপ ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য বেশ কিছু বস্তুনিষ্ঠ সুপারিশও এ সময় যৌথভাবে পর্যালোচনা করা হয়েছে।