আগস্ট ১০, ২০২৬, ০৬:২৮ পিএম
পরিচয় বা অবদান যাই হোক না কেন, কোনো ব্যক্তি বা সংগঠনের নেতাকর্মীর ভাস্কর্য নির্মাণ ইসলামি শরিয়তের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা। সোমবার গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন যে ইসলামের বিধান সবার জন্য সমান এবং রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়ের কারণে এই বিধান বদলাতে পারে না।
জুলাই জাদুঘরে হেফাজত নেতাকর্মীদের অবয়বে ভাস্কর্য স্থাপন করাকে অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে আখ্যায়িত করেছেন তিনি।শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি ধরে রাখতে ভাস্কর্যের পরিবর্তে তথ্যচিত্র, আলোকচিত্র, লিখিত ইতিহাস এবং জাদুঘরভিত্তিক প্রদর্শনীর মতো শরিয়তসম্মত মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই হেফাজত নেতা। অবিলম্বে জুলাই জাদুঘর থেকে ওই ভাস্কর্যগুলো অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কোনো ইসলামি ব্যক্তিত্ব বা আলেমদের ভাস্কর্য নির্মাণ না করার জন্যও আহ্বান জানান তিনি।
অতীতে ভাস্কর্যবিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক উলামায়ে কেরাম কারাবরণ ও শাহাদাতবরণ করেছেন উল্লেখ করে তিনি বলেন যে সাহাবায়ে কেরামের কোনো ভাস্কর্য না থাকলেও তাদের আদর্শ ইতিহাসে অমর হয়ে আছে। শাপলা চত্বরের শহীদদের আত্মত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয় বিবৃতিতে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন