বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৮:৫৭ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

ছবি - সংগৃহীত

দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন ভোট দেননি। ভোট দিয়েছেন তিনশো তেতাল্লিশ জন সংসদ সদস্য। বৃহস্পতিবার জাতীয় সংসদে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো পঞ্চান্ন ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান আটাশি ভোট। 

ভোটদানে বিরত থাকার বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, সবার জানা। তাই এটা মনোনয়ন, নির্বাচন নয়। একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে কেন মনোনীত করা হলো না উল্লেখ করে তিনি বলেন, এত বড় একটি গণঅভ্যুত্থান গেল, যার সঙ্গে জাতি হিসেবে আমাদের আত্মত্যাগ, অনেক স্বপ্ন জড়িত। 

তাহলে আমরা সবাই মিলে কেন একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে পারলাম না। প্রহসনের ভোট কেন দেবেন, প্রশ্ন রেখে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রপতি পদে ভোটের আগে বিএনপি সংবিধানের সত্তর অনুচ্ছেদের ভয় দেখাল। অথচ ২০১৬ সাল থেকে দলটি ভিশন ত্রিশে গলার রগ ফুলিয়ে কথা বলছে। এখন তারা বলছে, দলের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে। এ রকম প্রহসনের ভোট কেন আমি দেব। 

রুমিন ফারহানা ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়া অন্য পাঁচজন হলেন, বিদেশে চিকিৎসাধীন বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা। বিএনপির আরেক সংসদ সদস্য ওসমান ফারুক, খেলাফত মজলিসের আবুল হাসান এবং জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গজী নজরুল ইসলাম।