বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আইজিপির সঙ্গে সাক্ষাৎ করলেন এগারো দলীয় ঐক্যের নেতারা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২৬, ০৯:৩৪ পিএম

আইজিপির সঙ্গে সাক্ষাৎ করলেন এগারো দলীয় ঐক্যের নেতারা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

আগামী পাঁচ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে গত চব্বিশ আগস্ট সোমবার সন্ধ্যায় সাতটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে এগারো দলীয় ঐক্যের নেতৃবৃন্দ পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন। 

প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও এগারো দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন গণদাবির প্রেক্ষিতে আমাদের লংমার্চ ঘোষণা করা হয়েছে। 

সারা দেশে চারটি রোডে লংমার্চ নিরাপদ ও শান্তিপূর্ণ করতে লিখিতভাবে আমরা আইজিপিকে জানিয়েছি। তারা খোলামেলা আলোচনা করেছেন। আমরা চারটি রোডে লংমার্চের রোড ও পথসভার স্পট সম্পর্কে অবহিত করেছি এবং প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানিয়েছি। তারা কথা দিয়েছেন, লংমার্চ শান্তিপূর্ণভাবে করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করছি আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পাবো। গোলাম পরওয়ার বলেন, আমরা জনগণের সঙ্গেই আছি।