সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:১০ পিএম
রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৬ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
জাতীয় পার্টির কার্যালয়ে এই ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে।
বিএনপি এই ঘটনাকে গণতন্ত্র ও জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ।
বিএনপি মনে করে, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য এবং কোনো রাজনৈতিক দলের টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর।
এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়-ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম থামিয়ে দেওয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন