বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আখতারের ওপর হামলার নিন্দা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ‍‍`

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:৫৩ পিএম

আখতারের ওপর হামলার নিন্দা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ‍‍`

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে পূর্বাভাস দেওয়ার অপচেষ্টা করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় খরচে তিনটি দলকে বিশ্বমঞ্চে উপস্থাপন করার এই প্রচেষ্টা আগামী নির্বাচনের 'লেভেল প্লেয়িং ফিল্ড' নষ্ট করবে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা তার সফরের সহযাত্রী রাজনৈতিক নেতাদের নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন।

তিনি বলেন, “তারা যে রাজনীতিবিদদের সাথে নিয়েছেন তাদেরকে বিমানবন্দরে আলাদা করে দেওয়া হয়েছে এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ নেতৃবৃন্দের সাথে যা হয়েছে তাতে স্পষ্ট যে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন।”

তিনি আরও বলেন, নিউইয়র্কের মতো জায়গায় যে ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে, তা উদ্বেগের বিষয়। এই ধরনের উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত সফরেই যদি রাজনীতিবিদদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে এই সরকারের ব্যবস্থাপনায় জাতীয় নির্বাচনে নেতৃবৃন্দের নিরাপত্তা কেমন হবে, তা নিয়ে তারা শংকিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মুখপাত্র আখতার হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি জানান, যুক্তরাষ্ট্রের বিধি মোতাবেক হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কার অবহেলায় এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।