সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:২৪ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা চেয়ে আবারও নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) ই-মেইলের মাধ্যমে এই আবেদন জমা দেওয়া হয়।
এনসিপির আবেদনের কারণ হিসেবে বলা হয়েছে, দলটি জুলাই পদযাত্রা কর্মসূচির সময় সাধারণ মানুষের কাছে 'শাপলা' প্রতীক জনপ্রিয়তা লাভ করে। কিন্তু হঠাৎ করেই নির্বাচন কমিশন ঘোষণা করে যে, জাতীয় প্রতীক হওয়ায় শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না।
এর প্রতিবাদে এনসিপি ইসিকে জানায় যে, শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীকের চারটি উপাদানের একটি। যেহেতু নির্বাচন কমিশন এর আগে জাতীয় প্রতীকের অন্য দুটি উপাদান—'ধানের শীষ' ও 'তারা' যথাক্রমে বিএনপি ও জেএসডিকে প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছে, তাই শাপলা প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনগত বাধা নেই।
এনসিপি আরও যুক্তি দিয়েছে যে, জাতীয় ফল কাঁঠাল ও সোনালী আঁশ প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হলেও জাতীয় ফুল শাপলা কেন দেওয়া যাবে না?
আবেদনে এনসিপি আরও উল্লেখ করে যে, ডিজিএফআই-এর লোগোতে শাপলা থাকার কারণে ইসি প্রতীকটি বরাদ্দ দিতে অসম্মতি জানিয়েছিল। এনসিপি এর জবাবে জানায়, পুলিশ, বিমানবাহিনী এবং সুপ্রিম কোর্টের লোগোতে যথাক্রমে ধানের শীষ, ঈগল ও দাঁড়িপাল্লা থাকা সত্ত্বেও বিএনপি, এবি পার্টি ও জামায়াতে ইসলামীকে এই প্রতীকগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।
তাই শুধু ডিজিএফআই-এর লোগোর সঙ্গে সাদৃশ্য থাকার কারণে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়া বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন