সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:২৮ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তখনই দেশে ফিরবেন যখন তার সব ধরনের আইনি সমস্যার সমাধান হবে এবং দল রাজনৈতিকভাবে তার ফেরার সময় উপযোগী মনে করবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথোপকথনে মির্জা ফখরুল বলেন, “উনি দেশে আসবেন যে মুহূর্তে উনার সব লিগ্যাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। যে মুহূর্তে আমরা মনে করব যে, পলিটিক্যালি টাইম ইজ রেডি ফর হিজ অ্যারাইভাল।
তার ফেরার ক্ষেত্রে এখনো লিগ্যাল প্রবলেম আছে।” তিনি আরও বলেন, “উনি আমাদের নেতা, এই জাতির নেতা এখন। তার সমস্ত সিকিউরিটি সমস্ত কিছু আমাদের নিতে হবে।”
একই সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্ক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের সম্পর্ক কোনো খারাপ নেই। একটা দলের সঙ্গে আরেকটা দলের যে সম্পর্ক থাকা উচিত সে সম্পর্কই আছে।" তিনি আরও বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং প্রতিটি দলের নিজস্ব রাজনীতি ও ভাবনা থাকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন