বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চীনা প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৫৭ পিএম

চীনা প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত মি. ঝৌ পিংজিয়ান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ অন্যান্য শীর্ষ নেতারা। চীনা প্রতিনিধি দলে ছিলেন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকাবিষয়ক বিভাগের পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা।

বৈঠক শেষে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক প্রেস ব্রিফিংয়ে জানান, দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে। বৈঠকে জামায়াত আমির চীনকে বাংলাদেশের 'উন্নয়ন সহযোগী' হিসেবে উল্লেখ করে বলেন, উভয় দেশ মিলে কী কী উন্নয়ন করতে পারে এবং বন্ধুত্বের চেয়ে প্রতিবেশীর ঘনিষ্ঠ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে তারা বেশি গুরুত্ব দেন।

ডা. শফিকুর রহমান চীনা প্রতিনিধি দলের কাছে সদ্য ক্ষমতাচ্যুত সরকারের অধীনে জামায়াতের ওপর চালানো দমন-পীড়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, 'আমাদের নেতাদের কারাগারে হত্যা করা হয়েছে, দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে এবং অফিসগুলো বন্ধ করে রাখা হয়েছিল।'

তিনি আরও জানান, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সরকার বিদায় নিলেও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং একটি প্রতিবেশী দেশের আশ্রয়-প্রশ্রয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।জামায়াত আমির বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে।

বৈঠকের শেষ পর্যায়ে তিনি জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরে বলেন, দলটি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কাজ করে।