বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:৫৮ পিএম

যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক

ছবি - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে সুপ্রিম কোর্টে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্সের (বিএনবিএলএসএ) এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা কম জনপ্রিয়, তাদের জন্য পিআর পদ্ধতি লাভজনক। এই পদ্ধতি চাওয়ার উদ্দেশ্য হলো বেশি আসন পাওয়া এবং দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যেন সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় আসতে না পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে।

তিনি জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতির দাবির সমালোচনা করে বলেন, বাংলাদেশের সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা স্পষ্টভাবে বলা আছে। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক ও অবৈধ দাবি মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না।

একটি জরিপের বরাত দিয়ে এই বিএনপি নেতা আরও বলেন, ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি কী তা বোঝেই না, অথচ জামায়াত দাবি করছে ৭০ শতাংশ মানুষ এটি চায়। তিনি বলেন, এসব বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।