সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:২৭ পিএম
বিএনপি সরকারের কাছে একটি ভালো নির্বাচন প্রত্যাশা করে এবং সেই কারণেই তারা অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, "আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য।"
রোববার (২৮ সেপ্টেম্বর, ২০২৫) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা করেন, "ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করা দরকার, সেগুলো করবেন। সেজন্য আমাদের সমর্থন আছে।"
তিনি একটি বিশেষ মহলের সমালোচনা করে বলেন, যারা মনে করছেন নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই, তারা 'বোকার স্বর্গে বাস করছে'। সেই মহলটি বিভিন্ন 'মুখরোচক কথাবার্তা' বলে এবং নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
দুদু বলেন, এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত ও অধিকার রক্ষার জন্য। সেই অধিকার রক্ষার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন।তিনি প্রতিপক্ষকে উদ্দেশ্য করে আরও বলেন, "নির্বাচনের মাধ্যমে কে কত জনপ্রিয়, আমরা সেটা যাচাই করি।"
পার্শ্ববর্তী দেশ দ্বারা বাংলাদেশ দখল হওয়ার আশঙ্কাকে তিনি উড়িয়ে দেন। তিনি বলেন, "কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো আপনার (শেখ হাসিনা) মনের ভেতরেই থাকবে। বাংলাদেশিরা বীরের জাতি। যে জাতি রক্ত দিতে পারে, যে জাতির শিশু-তরুণরা বিদ্রোহী হয়, সে জাতিকে কেউ পদানত করতে পারে—এটা ভাবার কোনো কারণ নেই।"
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন