সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:৪৮ পিএম

নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলটির মূল দাবিগুলোর মধ্যে রয়েছে আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন, জুলাই সনদের ভিত্তিতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ফ্যাসিবাদী ও তার দোসরদের বিচার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে:

  • ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত: ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ।

  • ১০ অক্টোবর: ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে গণমিছিল।

  • ১২ অক্টোবর: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম,

কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক এবিএম জাকারিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল এবং কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ।