অক্টোবর ৩, ২০২৫, ১০:৪০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নেতানিয়াহু ইহুদি জাতিকে বিশ্বের কাছে নিকৃষ্ট জাতি হিসেবে প্রমাণ করেছেন। তিনি মনে করেন, কোনো সভ্য জাতি খাদ্য ও চিকিৎসা সহায়তায় বাধা দিতে পারে না। ইসরায়েল গাজায় ত্রানবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আক্রমণ চালিয়ে এবং মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করে নিজেদের নিকৃষ্ট জাতি হিসেবে উপস্থাপন করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল মুসলমানদের রক্ত নিয়ে হোলিখেলায় মেতে উঠেছে। তিনি হুঁশিয়ারি দেন, ফিলিস্তিন স্বাধীন হওয়া পর্যন্ত লড়াই চলবে এবং মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য।

মাওলানা রফিকুল ইসলাম খান যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় বেসামরিক নারী-শিশুকে হত্যা করে নেতানিয়াহু চরম মানবতাবিরোধী অপরাধ করেছেন।
বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই ন্যক্কারজনক ঘটনায় জাতিসংঘ কার্যকর ব্যবস্থা না নিলে, জামায়াতে ইসলামী গাজার অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে। তিনি প্রশ্ন তোলেন, মানবতা ও গণতন্ত্রের কথা যারা বলেন, তাদের আশ্রয়-প্রশ্রয়েই নেতানিয়াহু কীভাবে গণহত্যা চালাচ্ছেন?
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন মুসলিম রাষ্ট্রগুলোর তথাকথিত দালালির কারণে নেতানিয়াহু এই গণহত্যা চালাচ্ছেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, মুসলিম বিশ্ব জেহাদ ঘোষণা করলে এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিন স্বাধীন হবে।

তিনি ড. ইউনূসকে আহ্বান জানিয়ে বলেন, "আপনি বিশ্ব দরবারে একজন গ্রহণযোগ্য মানুষ। বাংলাদেশের পক্ষ থেকে ৫৭টি মুসলিম দেশকে নিয়ে ফিলিস্তিন স্বাধীন করার উদ্যোগ গ্রহণ করুন।" তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে ফিলিস্তিন স্বাধীন হলে পৃথিবীর ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সমাবেশ শেষে, বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বিজয়নগর-কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদ জানায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন