অক্টোবর ৫, ২০২৫, ০৭:৩২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের নাগরিকেরা, বিশেষ করে ৪ কোটি তরুণ ভোটার, দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। তিনি মনে করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট বিরোধীদের বিজয়ী করতে বদ্ধপরিকর।
রোববার (৫ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর আদর্শ হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। তিনি দাবি করেন, দেশের জনগণ একটি মানবিক ও নতুন বাংলাদেশ গঠনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত। এ লক্ষ্যে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।
দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের পরিচালক মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান এবং দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।
একই দিন বিকেলে দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ি) আসনের নির্বাচনী দায়িত্বশীলদের কর্মশালায়ও মাওলানা আবদুল হালিম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন আসন পরিচালক সাইদুল ইসলাম সৈকত।
কর্মশালায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, যার মধ্যে ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক বিভাগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন