রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কোরআন অবমাননার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৬:০৪ পিএম

কোরআন অবমাননার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ছবি - সংগৃহীত

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, “এই জঘন্য ঘটনা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানসহ শান্তিকামী সকল নাগরিককে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। কোরআন মাজিদের প্রতি এমন অবমাননাকর আচরণ আল্লাহ তাআলার প্রতি চরম বিদ্রোহ ও ইসলাম ধর্মের ওপর সরাসরি আঘাত।”

অধ্যাপক পরওয়ার বলেন, দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ার পরপরই এমন একটি ঘটনা দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো ষড়যন্ত্র কিনা, তা গভীরভাবে তদন্ত করে দেখা প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেন এবং অভিযুক্তকে ‘মানসিক রোগী’ আখ্যা দিয়ে বাঁচানোর যেকোনো চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে, তিনি ধর্মপ্রাণ জনতাকে শান্ত থাকার ও কোনো প্রকার উসকানিতে পা দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান।