রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই: চরমোনাই পীর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ১১:২৩ পিএম

যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই: চরমোনাই পীর

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “যারা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বোঝে না, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই।” তিনি দেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, পিআর পদ্ধতিতেই কেবল দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চরমোনাই পীর তার বক্তব্যে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি পিআর ছাড়া আবারও কোনো নির্বাচন হয় এবং বিএনপি এককভাবে ক্ষমতায় যায়, তাহলে দেশে স্বৈরাচার ও চাঁদাবাজি আরও বেড়ে যাবে।”

অন্যদিকে, আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে গুম ও খুন করেছে। তারা একটি ফ্যাসিস্ট শক্তি এবং এ দেশে আর ফ্যাসিবাদের কোনো স্থান নেই।”তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে দুর্নীতি, অর্থ পাচার ও লুটপাট চলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো নীতি-আদর্শের পরিবর্তন এবং পিআর পদ্ধতির নির্বাচন, যেখানে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে।

ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলমসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।