অক্টোবর ১০, ২০২৫, ১১:০৪ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করে বলেন, “প্রত্যেক উপদেষ্টা তো বিদেশি নাগরিক। তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারব না আমি।”
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান খোঁজার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “সরকারকে অনুরোধ করি—এমন কোনো অপকর্মে জড়াবেন না বা এমন কোনো ওয়াদা করবেন না, যেটার কারণে আপনার সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে। স্বচ্ছতা ও দেশপ্রেম বজায় রেখে কাজ করুন।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এটা ধরেই আমরা এগুচ্ছি। এর মধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে, তাকে হুঁশিয়ারি দিচ্ছি—ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।” তিনি নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ নেই বলে নির্বাচন সহজ হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই, এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমানের সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারও প্রদর্শন করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন