অক্টোবর ১১, ২০২৫, ১২:৪০ পিএম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তার অংশীদার বানাব, বাধা নয়।” তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি মেয়ের স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা নিশ্চিত থাকবে।
শনিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, “একজন কন্যার বাবা হিসেবে আমি জানি যে, মেয়েদের ক্ষমতায়ন শুধু একটি নীতি নয়, এটি ব্যক্তিগত।”
তিনি তার দলের অতীত কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং পোশাক শিল্পের প্রসারের মাধ্যমে লাখ লাখ নারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল এবং তার ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’ মাধ্যমিক শিক্ষায় নারী-পুরুষের সমতা এনেছিল, যা পরবর্তীতে একটি বৈশ্বিক মডেলে পরিণত হয়।
ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে নারী ও কন্যাশিশুদের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এর মধ্যে রয়েছে—পরিবারের নারী প্রধানদের নামে ‘পরিবার কার্ড’ চালু করে সরাসরি আর্থিক সহায়তা প্রদান, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা এবং রাজনীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা।তিনি বলেন, “আমরা খালি বাক্যবুলিতে কথা বলি না। আমরা বিশ্বাস এবং অভিজ্ঞতার সঙ্গে, নির্ধারিত লক্ষ্য নিয়ে কথা বলি।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন