অক্টোবর ১১, ২০২৫, ০১:৪০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ দেশের প্রধান দুই বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেছেন, “ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাবেন না!” তিনি গুম ও ‘আয়নাঘর’-এর সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে দল দুটিকে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান।
শনিবার (১১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কঠোর বার্তা দেন।পোস্টে সাইফ মোস্তাফিজ লেখেন, “বিএনপি, জামায়াত—আপনাদের কর্মীরাই ফ্যাসিবাদী সময়ে সবচেয়ে বেশি গুম-খুনের শিকার হয়েছে। রক্তের ঋণ পরিশোধ করুন। গুম ও আয়নাঘরের সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তারা দেশ ছেড়ে পালাবার আগেই তাদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে অবস্থান নিন।”
তিনি আরও যোগ করেন, “ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাবেন না! জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ব্যাপারে কাউকে ছাড় আগেও দেয়নি, এখনো দেবে না।”উল্লেখ্য, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, যার মধ্যে ২৪ জন সাবেক ও কর্মরত সামরিক কর্মকর্তা রয়েছেন।
এই পরোয়ানা জারির পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। এনসিপি নেতার এই পোস্ট সেই আলোচনায় একটি নতুন মাত্রা যোগ করল।এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহও সাইফ মোস্তাফিজের এই পোস্টটি নিজের আইডিতে শেয়ার করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন