অক্টোবর ১১, ২০২৫, ০৩:২৭ পিএম
আসন্ন জাতীয় নির্বাচন ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১১ অক্টোবর) দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টের সভাকক্ষে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জুলাই সনদের আলোকে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের সহযোগীদের কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবি জানান।সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “যে পাঁচটি দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, তার মধ্যে অন্যতম হলো পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা।
এই পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে, কোনো বৈষম্য থাকবে না এবং দেশে স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটবে না।”জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম জানান, ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত গণসংযোগ কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে আগামীকাল রোববার (১২ অক্টোবর) প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে।
মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, চেয়ারম্যান সমিতির সভাপতি, জেলা খেলাফত মজলিসের সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন