রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে বিএনপি বদ্ধপরিকর: গোলাম মোস্তফা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১১:৩৯ এএম

গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে বিএনপি বদ্ধপরিকর: গোলাম মোস্তফা

ছবি - সংগৃহীত

জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেছেন, “খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের জন্য বিএনপি বদ্ধপরিকর।” তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ‘ধানের শীষে’ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, “আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না।

প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে হবে।”তিনি বিশেষ করে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোটই দিতে পারেনি। তরুণদের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষেই হয়, সেই লক্ষ্যে কর্মীদের ছুটে যেতে হবে।”তিনি নেতাকর্মীদের নির্বাচনের আগে বিভিন্ন গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন।

এর আগে, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই স্লোগানকে সামনে রেখে কালাই সরকারি মহিলা কলেজ মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়, যা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে দলীয় নেতারা হাট-বাজারে সাধারণ মানুষের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।