অক্টোবর ১৩, ২০২৫, ০১:০০ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের ৫ দফা দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।সোমবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক শুরু হয়।জামায়াতে ইসলামীর ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
অন্যদিকে, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিবও উপস্থিত রয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে জামায়াতের পক্ষ থেকে তাদের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরা হচ্ছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি দিয়ে এর ওপর গণভোট আয়োজন করা
জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের সহযোগীদের কার্যক্রম নিষিদ্ধ করা।এর আগে, গতকাল রোববার দেশব্যাপী জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছিল জামায়াতে ইসলামী। আজকের এই বৈঠককে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন