বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রশিবির

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০১:৩৯ পিএম

শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রশিবির

ছবি - সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (১২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, “জাতি গড়ার কারিগর শিক্ষকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও লজ্জাজনক। আমরা মনে করি, দাবি আদায়ের আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু বারবার বলপ্রয়োগ করে আন্দোলন দমন করার প্রবণতা নিছক স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। শিক্ষকদের ওপর হামলার এই সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।”

তারা আরও বলেন, “শিক্ষকতাকে মহান পেশা বলা হলেও, দুঃখজনকভাবে এই পেশার মানুষদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি। শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করার পরিবর্তে শিক্ষকদের রুটিরুজির জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”শিবির নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে বিশেষ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান করতে হবে এবং তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে।

উল্লেখ্য, রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে হাজার হাজার শিক্ষক অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।