বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাব’:ডা. তাহের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১০:২৪ পিএম

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাব’:ডা. তাহের

ছবি - সংগৃহীত

জুলাই সনদ’ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তীব্র আপত্তি সত্ত্বেও আগামী ১৭ অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই অবস্থানের কথা জানান দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “আশা করি, ১৭ অক্টোবর স্বাক্ষর অনুষ্ঠানে যাব। আমরা কোনো অনিশ্চয়তা দেখছি না।”তবে, গণভোটের সময় নিয়ে দলের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ডা. তাহের বলেন, “গণভোট আর জাতীয় নির্বাচন আলাদা বিষয়। একদিনে দুটি ভোট আয়োজনের প্রস্তাব একটি উদ্ভট আলোচনা। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলোর ওপর অবশ্যই জাতীয় নির্বাচনের আগে, অর্থাৎ নভেম্বরের মধ্যেই, গণভোট হতে হবে।”

তিনি যুক্তি দেখিয়ে বলেন, “গণভোটে যদি সংসদের উচ্চকক্ষ এবং পিআর পদ্ধতির মতো বিষয়গুলো পাস হয়, তবে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচনের আইনকানুন তৈরি করতে হবে। নির্বাচন এবং গণভোট একদিনে হলে তা বাস্তবায়ন করা অসম্ভব।”

এর আগে, ‘জুলাই সনদ’ স্বাক্ষর নিয়ে কয়েকটি দলের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই জরুরি বৈঠকের আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জানান, সকল দলের ঐকমত্যের ভিত্তিতেই সনদ স্বাক্ষরিত হবে। জামায়াতের এই ঘোষণার পর সেই ঐকমত্যই প্রতিষ্ঠিত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা, যদিও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্ক অব্যাহত থাকবে।