বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তারেক রহমানের নির্দেশে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের পাশে বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৭:০৬ পিএম

তারেক রহমানের নির্দেশে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের পাশে বিএনপি

ছবি - সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে আলোচনায় আসা কুমিল্লার দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ অক্টোবর) দুপুরে তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফুলমুড়ি গ্রামে জাহাঙ্গীরের বাড়িতে যান এবং তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এই সফরের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ নামক একটি সংগঠন। সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি জাহাঙ্গীরের গান শুনে মুগ্ধ হন এবং অবিলম্বে তার সঙ্গে যোগাযোগ করে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাকে নির্দেশ দেন।”

রুমন আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও একইভাবে রংপুর বেতার থেকে তিন বছরের শিশু বেবী নাজনীনের গান শুনে তাকে ঢাকা এনেছিলেন। বিএনপি নেতারা সবসময় তৃণমূলের মানুষের খবর রাখেন।”রুহুল কবির রিজভী এ সময় বলেন, বিএনপি জনগণের সেবক হিসেবে কাজ করতে চায় এবং জাহাঙ্গীর আলমের পরিবারের পাশে ভবিষ্যতেও থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।