বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিক্ষকদের দাবি অবিলম্বে মেনে শ্রেণিকক্ষে ফেরানোর আহ্বান সিপিবির

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৭:৩৬ পিএম

শিক্ষকদের দাবি অবিলম্বে মেনে শ্রেণিকক্ষে ফেরানোর আহ্বান সিপিবির

ছবি - সংগৃহীত

টানা ৯ দিন ধরে রাজপথে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবির সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে, অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে শ্রেণিকক্ষে ফেরানোর জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে পার্টির নেতারা একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার বহু অপ্রয়োজনীয় ও এখতিয়ার বহির্ভূত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেও, দেশ গড়ার কারিগর শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি কর্ণপাত করছে না। উল্টো তাদের ওপর পুলিশ দিয়ে নির্মম নির্যাতন চালানো হয়েছে।”

পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের শ্রেণিকক্ষে ফেরাতে হবে। শিক্ষকদের অপদস্থ করে খোলা আকাশের নিচে ফেলে রাখা হলে সরকারকে তার জন্য জবাব দিতে হবে।”সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, “শিক্ষকরা মাত্র ২০ শতাংশ বাড়ি ভাড়া চেয়েছেন, বিনিময়ে পেয়েছেন অপমান ও পুলিশের নির্যাতন।

অন্তর্বর্তীকালীন সরকারের এই অসম্মানজনক আচরণ কোনো সভ্য নজির নয়।” তিনি জানান, সিপিবি এই ন্যায্য আন্দোলনে সর্বাত্মকভাবে শিক্ষকদের পাশে থাকবে এবং আগামীতে বাম গণতান্ত্রিক শক্তি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হবে।এ সময় সিপিবি আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দেশব্যাপী ‘শিক্ষক সংহতি দিবস’ পালনের কর্মসূচি ঘোষণা করে।