অক্টোবর ২৪, ২০২৫, ০৭:৪৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোট গঠন নিয়ে মুখ খুলেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চলমান রয়েছে, তবে দুই দল জোটভুক্ত হবে কি না, তা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন,
এনসিপির সঙ্গে জোট গঠনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। একইসাথে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের বিভিন্ন প্রস্তুতির কথাও তুলে ধরেন।সালাহউদ্দিন আহমদ জানান, চলতি অক্টোবর মাসের মধ্যেই বিএনপি প্রায় ২০০টি আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে, যাতে তারা নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি শুরু করতে পারেন। তিনি উল্লেখ করেন, প্রত্যেক আসনেই একাধিক যোগ্য প্রার্থী থাকলেও শরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
যারা মনোনয়ন পাবেন না, তাদের অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকবে। এ সময় তিনি নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর সাম্প্রতিক সংশোধনের সমালোচনা করেন। তিনি বলেন, জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারার যে বিধান ছিল, তা পরিবর্তনে অধিকাংশ দলের সম্মতি থাকলেও চূড়ান্ত আইনে তা প্রতিফলিত হয়নি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যেভাবে আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না।
এদিকে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি মাঠের রাজনীতির পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও সমানভাবে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলটি ‘বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক’ (বিজিএন) নামে একটি নতুন অনলাইন ও তৃণমূলভিত্তিক প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তৃণমূলের শক্তিকে সুসংগঠিত করা, অনলাইন প্রচার জোরদার করা এবং ডিজিটাল মাধ্যমে যেকোনো অপপ্রচার মোকাবিলায় কার্যকর প্রতিরোধ গড়ে তোলা।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে এবং খুব শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার ১৫ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে এই বিজিএন প্ল্যাটফর্মের নেতৃত্ব দেবেন।
এর অধীনে দেশের ৩০০টি সংসদীয় আসনের প্রতিটিতে দুজন করে মোট ৬০০ জন স্নাতক পাস অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ দেওয়া হবে। এই অ্যাক্টিভিস্টরা নির্দিষ্ট মাসিক সম্মানীর ভিত্তিতে সরাসরি তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিয়মিত রিপোর্ট জমা দেবেন। বিএনপি নেতারা মনে করছেন, এই নতুন উদ্যোগ শুধু তৃণমূলের সাংগঠনিক সক্ষমতাই বাড়াবে না, বরং অনলাইন স্পেসে ‘বট বাহিনী’র প্রভাব মোকাবিলায়ও কার্যকর ভূমিকা রাখবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন