রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাহবাগে এনসিপির সভায় দুই গ্রুপে সংঘর্ষ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৮:৩১ পিএম

শাহবাগে এনসিপির সভায় দুই গ্রুপে সংঘর্ষ

ছবি - সংগৃহীত

আর্থিক লেনদেনসংক্রান্ত পুরনো একটি বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো কনভেনশন হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলে এনসিপির একটি কর্মসূচি চলছিল। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আকস্মিকভাবে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়, যা মুহূর্তেই হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন উভয় পক্ষই হলের চেয়ার ও লাঠি হাতে নিয়ে একে অপরের ওপর চড়াও হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। প্রায় দশ মিনিট ধরে চলা এই হট্টগোলের মধ্যে পড়ে ইউসুফ আহত হন। পরে অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র নেতারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত ইউসুফকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়।এই সংঘর্ষের নেপথ্যের কারণ অনুসন্ধান করে জানা যায়, ঘটনার সূত্রপাত প্রায় তিন মাস আগের একটি আর্থিক লেনদেনকে ঘিরে। বংশাল থানার কয়েকজন এনসিপি নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক লেনদেন করেন। এই প্রক্রিয়ায় তারা ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতার শরণাপন্ন হন। শোয়েব তখন বিষয়টি সমাধানের জন্য মোহাম্মদপুর থানার রিয়ান নামে আরেক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন।

অভিযোগ উঠেছে, এই রিয়ান সহযোগিতার নামে বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করেন এবং এক পর্যায়ে তাদের আটকে রাখারও চেষ্টা করেন। ভুক্তভোগী নেতারা সে সময় কোনোমতে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর থেকে বংশালের নেতারা রিয়ানের কাছে তাদের পাওনা টাকা ফেরত পেতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা শেষ পর্যন্ত বড় ধরনের সংঘর্ষে গড়ায়।