সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিস্ট জন্মাবে না: ড্যানী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০১:৪১ পিএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিস্ট জন্মাবে না: ড্যানী

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হলে এই দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। তিনি এই ৩১ দফাকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা হিসেবে অভিহিত করেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে এলাকাবাসীর সঙ্গে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচন’ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ সত্যিকার অর্থেই সমৃদ্ধ হবে। নারীরা শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাবে এবং একটি নিরাপদ জীবন যাপন করতে পারবে। তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্টের দোসররা’ আসন্ন নির্বাচন বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা সেই ষড়যন্ত্র রুখে দেবে। ড্যানী বলেন, বিএনপি জনগণের দল এবং সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। সেই থেকে আজ পর্যন্ত তিনি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয় এবং তিনি নির্বাচিত হতে পারেন, তবে এলাকার সার্বিক উন্নয়নে মনোনিবেশ করবেন এবং সব রাস্তাঘাট পাকা করার উদ্যোগ নেবেন।

ড্যানী আরও বলেন, তার অনেক সহপাঠী সচিব বা প্রশাসনের বড় কর্মকর্তা হয়েছেন, তিনিও চাইলে সেই পথে যেতে পারতেন; কিন্তু জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে পারলেই জীবনকে সার্থক মনে করবেন।এই মতবিনিময় সভায় নেত্রকোনা জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী এবং এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।