নভেম্বর ৩, ২০২৫, ০৮:৫৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই ঘোষণায় ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৫-এর প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এই আসনে বিএনপি মনোনয়ন (ধানের শীষ) দিয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে।ঢাকা-১৫ আসনেই হেভিওয়েট প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলের আমির ডা. শফিকুর রহমানকে মনোনয়ন দিয়েছে।
এর ফলে রাজধানীর এই আসনটিতে জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন। মাঠ পর্যায়ের পর্যালোচনায়, এই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার (জামায়াতের প্রতীক) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।এর আগে গত অক্টোবরে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছিল, যেখানে ঢাকা-১৫ আসনে দলীয় আমিরের নাম ঘোষণা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন