রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাংগেরিতে শহিদ হাদি হত্যার বিচারের দাবিতে সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ১১:৪৫ পিএম

হাংগেরিতে শহিদ হাদি হত্যার বিচারের দাবিতে সমাবেশ

হাংগেরির রাজধানী বুদাপেস্টে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশে হাদি হত্যার বিচারের দাবিতে চলমান ‘ইনকিলাব মঞ্চ’-এর আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে প্রবাসীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

সমাবেশে উপস্থিত বক্তারা শহীদ হাদির আদর্শ, তাঁর লালিত স্বপ্ন এবং তাঁকে হত্যার পেছনে থাকা গভীর ষড়যন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় হাদি হত্যাকাণ্ডের তদন্তে বর্তমান সরকারের ধীরগতি ও নির্লিপ্ততার তীব্র সমালোচনা করা হয়। 

সমাবেশে প্রবাসীদের পাশাপাশি কয়েকজন ভিনদেশি নাগরিককেও সংহতি প্রকাশ করতে দেখা যায়, যা সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করে।সমাবেশে ফখরুল ইসলাম বলেন, "হাদিকে হত্যার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার আওয়াজ বন্ধ করা। 

কিন্তু ঘাতকরা জানে না, হাদি এখন প্রতিটি বাংলাদেশির হৃদয়ে সংক্রামিত হয়েছে।তিনি আরও হুশিয়ারি দেন যে, নির্বাচিত সরকার এলেও এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না। দেলোয়ার হোসাইন এবং নোমান বাবু বলেন, হাদি হত্যার বিচার এখন আর কোনো নির্দিষ্ট মঞ্চের দাবি নয়, এটি প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশির হৃদয়ের দাবিতে পরিণত হয়েছে। সাজ্জাদ আহমেদ তাঁর বক্তব্যে হাদির আদর্শ বা লেগ্যাসি রক্ষায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশ থেকে প্রবাসীরা অঙ্গীকার ব্যক্ত করেন যে, হাদির হত্যার সুষ্ঠু বিচার না হওয়া এবং তাঁর স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন ও সংগ্রাম জারি থাকবে। কাজী তানিম এবং নিয়াজ মোর্শেদসহ কমিউনিটির নেতৃবৃন্দ ভবিষ্যতে বাংলাদেশের যেকোনো যৌক্তিক দাবিতে প্রবাস থেকে জোরালো সমর্থনের প্রত্যয় ব্যক্ত করেন।